
৪৮ কোটি টাকায় মগড়ার ৪১ কিলোমিটার পুনঃখনন, নেত্রকোণায় কাজ শুরু
ছবিঃ সংগৃহীত
মগড়া নদীতে প্রাণ ফেরাতে নেওয়া ‘নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’-এর কাজ আজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়ার পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মো. নুরুজ্জামান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি আনোয়ারুল হক বলেন, নদী উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ; অল্প কয়েকজন দখলদারের কারণে পরিবেশ ধ্বংস হতে দেওয়া হবে না। উদ্ধারকাজে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল শিগগিরই নেত্রকোণা পরিদর্শনে আসবেন। পৌরসভার নিজস্ব তহবিলের কোনো টাকা খরচ না করে এ উদ্যোগে ময়লা-আবর্জনা থেকে সার, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খনন শেষে নদীর দুই তীরে ওয়াকওয়ে, পর্যাপ্ত গাছ আর আলোর ব্যবস্থা করে শহরবাসীর জন্য নান্দনিক ও হাঁটার উপযোগী পরিবেশ গড়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্পে নদীর ৫৬ কিলোমিটার থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত মোট ৪১ কিলোমিটার অংশ পুনঃখনন হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে আরও আছে নদীর তীরের এক হাজার চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১ দশমিক ৬০ কিলোমিটার ল্যান্ডস্কেপিং। আবাসিক ও বাণিজ্যিক বর্জ্য আর কচুরিপানা সরিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফেরানো হবে; এতে প্রায় পাঁচ হাজার ৫৬০ মেট্রিক টন খাদ্যশস্য বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে বলে জানান তিনি।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
