
প্রথমার্ধেই রেইন্ডার্সের হ্যাটট্রিক, গ্রিসকে ৭ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
ছবিঃ সংগৃহীত
প্রথমার্ধেই তিজানি রেইন্ডার্সের হ্যাটট্রিকে শুক্রবার গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে নেদারল্যান্ডস।
আমস্টারডামে প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে ৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স।
১৮ মিনিটে পোস্টের কাছ থেকে আরেকটি গোল করেন রেইন্ডার্স, আর ৩৩ মিনিটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
বিরতির আগে ডনিয়েল মালেনের ক্রসে গোল করে স্কোর ৫-০ করেন জুরিয়েন টিম্বার। বিরতির পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও পান আর্সেনালের এই ডিফেন্ডার। মিনিটখানেক পর দারুণ শটে গোল করে ডাচদের বড় জয় নিশ্চিত করেন মালেন।
গত মাসে যে গ্রিস প্রায় নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল, এদিন তাদের খেলায় তার কোনো ছাপই ছিল না।
নেদারল্যান্ডসের কোচ জাভি হার্নান্দেজ বলেন, “প্রথমার্ধ ছিল অসাধারণ, খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হয়। তবে এটা কেবল একটা ম্যাচ। আমাদের এভাবেই খেলে যেতে হবে। এটাই সঠিক পথ।”
গ্রুপ ‘এ২’-তে এই ম্যাচের আগে অপরাজিত ছিল গ্রিস। জার্মানির বিপক্ষে দুই ম্যাচে তারা পেয়েছিল চার পয়েন্ট। অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়েও ছিল দলটি, তবে রেইন্ডার্সের গোলে সে ম্যাচ ২-২ সমতায় শেষ হয়।
গ্রিসের উইঙ্গার ক্রিস্টোস তজোলিস বলেন, “আজকের ম্যাচ নিয়ে বলার তেমন কিছু নেই। শুরুটা ছিল খুবই বাজে। ওরা যতবার সুযোগ পেয়েছে, ততবারই আমরা গোল খেয়েছি। আমার মনে হয়, জাতীয় দলের ইতিহাসে প্রথমার্ধে এটাই আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।”
১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস, গ্রিস ও জার্মানির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে। শেষ রাউন্ডের আগে এই বড় জয়ে ডাচদের কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত।
সোমবার বার্লিনে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে জার্মানি, আর নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে গ্রিস। পাঁচ ম্যাচেও পয়েন্টের দেখা পায়নি সার্বিয়া; বেলগ্রেডে জার্মানির কাছে ৩-১ গোলে হারের ম্যাচটি তাদের শেষ করতে হয়েছে নয়জন নিয়ে।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
