
যাত্রাবিরতির দাবিতে রাজেন্দ্রপুরে তিস্তা-যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত
যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তিস্তা ও যমুনা এক্সপ্রেস আটকে ট্রেন দুটিকে সেখানে থামতে বাধ্য করেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বিঘ্নিত হয়।
আজ শনিবার সকাল ৬টার দিকে স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা কর্মসূচি তুলে নিলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর ভাষ্য, গুরুত্বপূর্ণ স্টেশন হলেও রাজেন্দ্রপুরে যমুনা ও হাওর এক্সপ্রেসের যাত্রাবিরতি নেই। বহুদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এ দাবি জানিয়ে আসছেন তাঁরা। কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়েই রেলপথে অবস্থান নিয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, দুই ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। একপর্যায়ে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে লাল ব্যানার টানিয়ে দেন তাঁরা। পরে বুঝিয়ে তাঁদের সেখান থেকে সরানো হয়।
তিনি আরও জানান, সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের সামনে আবার অবস্থান নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে যান। দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সরে যান, আর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজেন্দ্রপুর স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
