
মাদকের পেছনে বছরে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা: ত্রাণমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
মাদক সেবনের পেছনে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর মন্তব্য, যুবসমাজকে ধ্বংসের উদ্দেশ্যে লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় মাদকের কারখানা গড়ে তুলেছে প্রতিবেশী দেশগুলো। দেশে কোনো মাদক উৎপাদন হয় না, চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকেই এসব ঢোকে বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের ব্যবহার সবচেয়ে বেশি দেশের সীমান্ত এলাকাগুলোতে, তাই এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার ডাক দিয়ে তিনি জানান, লালমনিরহাটকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষার্থীরা এখন শিক্ষকদের আটকে রাখছে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। মূল্যবোধ, নৈতিকতা, শ্রদ্ধাবোধ আর সামাজিক শিষ্টাচারের জায়গায় দেখা দিয়েছে অবক্ষয়। মাদক ছড়িয়ে পড়ার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলেও মন্তব্য করেন তিনি; তাঁর ভাষ্য, যুবসমাজকে শেষ করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে।
সভায় জানানো হয়, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচিটি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আসার কথা রয়েছে।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রমুখ।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
