কাতায় স্বর্ণসহ জুনিয়র জাতীয় কারাতেতে ৪ পদক সাউথ পয়েন্টের
ছবিঃ সংগৃহীত
দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ চারটি পদক জিতেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের কারাতে খেলোয়াড়েরা। এর মধ্যে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ।
বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাটি হয় ২২ থেকে ২৪ অক্টোবর, ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সারা দেশের ১ হাজার ৭৯ জন তরুণ কারাতে খেলোয়াড় এতে অংশ নেয়।
সাউথ পয়েন্টের তাজরিয়ান মেহজাবিন খান দুটি পদক পেয়েছে—ব্যক্তিগত কাতায় স্বর্ণ, ক্যাডেট কুমিতে ব্রোঞ্জ। জুনিয়র পুরুষ ব্যক্তিগত কুমিতে রৌপ্য জিতেছে নাজমুল হাসান আবির, আর অনূর্ধ্ব-১২ ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পেয়েছে তাহিয়াদ ইসলাম।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিনিধিত্ব করা অন্য স্কুলগুলোর খেলোয়াড়েরা মিলে জিতেছে আরও পাঁচটি পদক—একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ। জুনিয়র (১৬–১৭ বছর) বিভাগে কাতায় স্বর্ণ পেয়েছে শামীনা সুলতানা। রৌপ্য এসেছে আহিয়ানের ব্যক্তিগত কুমিতে এবং মো. জুবায়ের আলম জিসানের ১০–১১ বছর বয়সী অনূর্ধ্ব-৪৫ কেজি কুমিতে। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ জিতেছে শাহিরা তাসনিম ও রিফা তাসফিয়া আরবি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আবদুস সোবহান, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
এ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন