একই দিনে জন্ম, একই দিনে ডোবায় ডুবে মৃত্যু গোবিন্দগঞ্জের দুই শিশুর
ছবিঃ সংগৃহীত
গোবিন্দগঞ্জে বাড়ির পাশের ডোবায় ডুবে মারা গেছে আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামে চাচাতো-জ্যাঠাত ভাই-বোন।
দুই বছর বয়সী শিশু দুটির জন্ম হয়েছিল একই দিনে। মৃত্যুও হলো একই দিনে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে, নেমে এসেছে শোকের ছায়া।
আজ সোমবার সকালের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, আর মিফতাহুল আশরাফুলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেলা ১১টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে খেলতে গিয়ে শিশু দুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পানি থেকে তুলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাসসকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস