
৫৫তম জাতীয় সমবায় দিবস: রাজশাহীতে র্যালি, সভা ও পুরস্কার বিতরণ
ছবিঃ সংগৃহীত
বর্ণাঢ্য র্যালি আর আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সেটি আবার সেখানেই শেষ হয়। এরপর একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূর করা, কর্মসংস্থান তৈরি, বেকারত্ব কমানো আর আত্মনির্ভর সমাজ গড়তে সমবায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। তাই সমবায়ের কাজকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিটন আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মিলিত উদ্যোগে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি; সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একজোট হয়ে ভূমিকা রাখতে বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।
সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতিকে পুরস্কার দেওয়া হয়।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
