
ডায়াবেটিস-রক্তচাপের ঝুঁকি মাথায় রেখে চক্ষুস্বাস্থ্যে সমন্বিত উদ্যোগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
দেশজুড়ে মানুষের চোখের স্বাস্থ্য রক্ষায় শুধু চিকিৎসাসেবা বাড়ালেই হবে না, দরকার সমন্বিত ও বহুমুখী সচেতনতা কার্যক্রম — এ মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রীর মতে, চোখের রোগের ঝুঁকি কমাতে কেবল চোখ নিয়ে ভাবলে চলবে না; ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিও একসঙ্গে বিবেচনায় নিতে হবে। প্রত্যেককে নিয়মিত নিজের স্বাস্থ্যের যত্ন নিতে ও সচেতন থাকতে বলেন তিনি।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য বিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
চোখের স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সবার স্বাস্থ্য সুরক্ষা শুধু সরকারের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়, তাই সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতির পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। আবার চোখের ছানির অস্ত্রোপচার অনেকের জন্যই ব্যয়বহুল।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চোখ ও কিডনির রোগ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে উল্লেখ করেন মন্ত্রী। ফলে আলাদা আলাদা করে দেখে শুধু পৃথক চিকিৎসা দিয়ে মানুষের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করা যাবে না; দরকার সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ।
বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব প্ল্যাটফর্ম থেকে যৌথভাবে জনসচেতনতা বাড়ানো, রোগ প্রতিরোধ আর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তাতে ডায়াবেটিস থেকে কিডনি ও চোখের ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর ঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগেই সতর্ক হতে পারবে।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
