রিজিকে বরকত পেতে যে দোয়া ও আমল
ছবিঃ সংগৃহীত
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ
উচ্চারণ: আল্লাহু লাতিফুম বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশাউ, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ।
অর্থ: আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল ক্ষমতাশালী, পরাক্রমশালী। (সুরা শুরা: ১৯)
আমল: প্রতিদিন সকালে নিয়মিতভাবে একনিষ্ঠ মনে যে আয়াতটি ৭০ বার পাঠ করবে, রিজিকের সংকট থেকে সে সব সময় নিরাপদ থাকবে।
বান্দার রিজিক বৃদ্ধির আরেকটি উপায় তওবা ও ইস্তিগফার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার ইরশাদ, ‘আমি তাদের বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিতে সমৃদ্ধি দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা ও নদীনালা দান করবেন।’ (সুরা নুহ, আয়াত: ১০-১২; সুরা ওয়াকিয়া, আয়াত: ৮২)
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত তওবা-ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের পথ করে দেবেন, সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার ধারণার বাইরের উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন।’ (আবু দাউদ, হাদিস: ১,৫১৮; ইবনে মাজাহ, হাদিস: ৩,৮১৯; মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, হাদিস: ৭,৬৭৭)