প্রতি শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে ‘সুপারসেল কারবাজার’
ছবিঃ সংগৃহীত
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন হলো ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে যাত্রা শুরু করা এই বাজারে ক্রেতা-বিক্রেতারা একই স্থানে বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন।
গতকাল প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন তথা বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।
অনুষ্ঠানে আরও অংশ নেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, যাঁদের সঙ্গে ছিলেন দেশের অটোমোবাইল খাতে যুক্ত ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধিরা।
আহমেদ ইব্রাহিম সোবহান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সুপারসেল কারবাজার’ ক্রেতা ও বিক্রেতাদের কাছে স্বচ্ছ ও সুবিধাজনক একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবে; কেননা এখানে একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন দেখে যাচাই-বাছাই করা যাবে, সঙ্গে মিলবে সহজ শর্তের ফাইন্যান্সিং সুবিধাও।
আয়োজকেরা বলছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি কেনাবেচার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে সম্ভাব্য ক্রেতা ও গাড়ির মালিকেরা সরাসরি যোগাযোগের সুযোগ পেলে দেশের অটোমোবাইল বাজারে আরও গতি আসবে।
ক্রেতারা এখানে গাড়ি কেনার পাশাপাশি সরাসরি কথা বলতে পারবেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে, যা কারবাজারটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক। তাঁদের জানার সুযোগ থাকবে অটো লোন ও গাড়ি ফাইন্যান্সিংসহ নানা আর্থিক সুবিধার বিষয়ে। এতে গাড়ি কেনার প্রক্রিয়া তুলনামূলক সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছেন আয়োজকেরা।
‘সুপারসেল কারবাজার’ বসবে আইসিসিবি প্রাঙ্গণে, প্রতি শুক্রবার; সকাল ১০টায় শুরু হয়ে এর কার্যক্রম সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। নানা ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে সেখান থেকে পছন্দের গাড়িটি বাছাই করার সুযোগ থাকবে ক্রেতাদের। আর বিক্রিতে আগ্রহী মালিকেরা নিজেদের গাড়ি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারবেন।
নিয়মিত এ আয়োজনের সুবাদে রাজধানীর গাড়িপ্রেমী এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে ‘সুপারসেল কারবাজার’ পরিচিত ও জনপ্রিয় একটি অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশা করছেন আয়োজকেরা।