
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুম চালু করলেন হাবিপ্রবি উপাচার্য
ছবিঃ সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুমের আজ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা।
হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জানান, শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এই রিডিং রুম চালু করতে পেরে তিনি আনন্দিত। তাঁর আশা, এই হলের শিক্ষার্থীরা আজ থেকেই পড়াশোনায় বিশেষ সুবিধা পাবেন। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বক্ষণিক সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য বলেন, সুন্দর পরিবেশে সবাই যাতে পড়াশোনা করতে পারে, সে জন্য প্রত্যেককে শেখার মানসিকতা নিয়ে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে কোনো বিভেদ ও বৈষম্য করা যাবে না। রিডিং রুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আসবাবপত্রসহ সব সম্পদের রক্ষণাবেক্ষণ ও যত্নে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, বিজয় ২৪ হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান প্রমুখ।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
